কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন বিধিনিষেধ আসছে

· Prothom Alo

কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের সময় কমানোর পাশাপাশি অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা। নতুন বিধিনিষেধে প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণসহ রাতে অ্যাপগুলো ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, স্কুল চলাকালে নোটিফিকেশন পাঠানো বন্ধ রাখার পাশাপাশি অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হবে। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে চলা এক মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এসব বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা।

মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন বিধিনিষেধ ধাপে ধাপে আরোপ করা হবে। তবে ব্যবহারকারীদের বয়স যাচাইসংক্রান্ত কিছু পরিবর্তন কার্যকর করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। নতুন বিধিনিষেধের আওতায় কিশোর-কিশোরীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করতে পারবে। তবে অভিভাবকেরা চাইলে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে সন্তানকে অতিরিক্ত সময় অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটি ব্যবহার করা যাবে না এবং সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাদের কাছে ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোটিফিকেশন পাঠানো হবে না। দীর্ঘ সময় ধরে অ্যাপ ব্যবহার করলেও সতর্কবার্তা দেখানো হবে।

Visit asg-reflektory.pl for more information.

কিশোর-কিশোরীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের আধেয় বা কনটেন্ট দেখবে, সে বিষয়েও নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের আগ্রহ ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে বাছাই করা কনটেন্টের পরিবর্তে সাধারণ ফিড দেখানো হবে। কিশোর-কিশোরীদের জন্য পোস্টে লাইক দেওয়ার সংখ্যা গোপন রাখার পাশাপাশি বেশ কিছু ফিল্টার ব্যবহারের সুযোগও সীমিত করা হবে।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের বয়স যাচাই করার জন্য প্রযুক্তি উদ্ভাবনে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে মেটা। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত করে মুছে ফেলার কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source