ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন, অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিতেন
· Prothom Alo

ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন তাঁরা। এরপর অস্ত্র দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়ার পর ক্রেতার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন। এভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
Visit afnews.co.za for more information.
গত সোমবার রাতে নড়াইল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।
ডিবি সূত্র জানায়, চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করতেন। বিজ্ঞাপনে সাড়া দেওয়া ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হতো। এরপর কথাবার্তার মাধ্যমে ক্রেতাকে অস্ত্র দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতার নম্বর বা অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতো।
তথ্যপ্রযুক্তির সহায়তায় এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে ডিবি জানায়, সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ২৩ আগস্ট ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই পেজের অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আকাশ ও রুমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন জব্দ করা হয়।
ডিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।