টার্নওভার কর নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ কেন
· Prothom Alo

ব্যবসায় লাভ-লোকসান নির্বিশেষে মোট বিক্রির বা টার্নওভারের ওপর কর ন্যূনতম ১ শতাংশ কর আরোপ করায় ঝামেলায় পড়তে পারেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তবে কোনো কোনো ক্ষেত্রে এই করের হার কম-বেশি করা হয়েছে। এই কর আয়করের পরিবর্তে বার্ষিক মোট লেনদেনের ওপর বসবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য তথ্য জানা গেছে। এই টার্নওভার কর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ আছে।
Visit newsbetting.club for more information.
ব্যবসায়ীদের কেন এই অসন্তোষ, তা নিয়ে আলাপ করা যাক—
১. মুনাফা না হলেও করের বোঝা
আয়কর দিতে হয় ব্যবসার প্রকৃত আয়ের ওপর বা মুনাফার ওপর। কিন্তু টার্নওভার কর কাটা হয় মোট বিক্রি বা প্রাপ্তির ওপর। মোটাদাগে ব্যবসাপ্রতিষ্ঠানের বছরজুড়ে পণ্য বা সেবা বেচাকেনায় কত টাকা লেনদেন হলো, এর ওপরেই টার্নওভার কর বসে। যেখানে ব্যবসার লাভ হলো নাকি লোকসান হলো, তা বিবেচনা করা হয় না। ফলে লোকসানি বা কম লাভজনক প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের করের মুখে পড়ে।
২. করদায়ের অস্বাভাবিক বৃদ্ধি
প্রকৃত লাভের ওপর হিসাব করলে যেখানে নামমাত্র কর আসার কথা, সেখানে বাধ্যতামূলক টার্নওভার করের কারণে করের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। এটি করদাতাদের ওপর অতিরিক্ত আইনি ও আর্থিক চাপ তৈরি করে।
৩. নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো সংকট
ব্যবসায় অর্থের নগদ প্রবাহ থাকা খুব জরুরি। কিন্তু দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) নিয়মিত মূলধন ও নগদ অর্থের প্রবাহ সীমিত থাকে। বিক্রির ওপর ভিত্তি করে এই কর পরিশোধ করতে গিয়ে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়। নগদ অর্থের প্রবাহ কমে যায়।
৪. শর্ত মানা ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা
ভালো ব্যবসায়ীদের অনেকেই টার্নওভার করে নিরুৎসাহিত হন। কারণ, যাঁরা নিয়মিত সঠিক হিসাব রাখেন; স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করেন, তাঁদের অনেকেই এই টার্নওভার করে বেশি ক্ষতিগ্রস্ত হন। এই ব্যবস্থা অনেক সৎ ব্যবসায়ীকে নিরুৎসাহিত করে এবং বিনিয়োগের পরিবেশকে সংকুচিত করে।
প্রভাব কী
টার্নওভার করের বোঝার কারণে ব্যবসা-বাণিজ্যে কিছু প্রভাব পড়তে পারে। যেমন—
১. ব্যবসায়িক প্রবৃদ্ধি কমতে পারে কিংবা গতি কমতে পারে।
২. বাড়তি কর দায়ের কারণে বিনিয়োগে অনীহার শঙ্কা রয়েছে।
৩. ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়।
৪. উদ্যোক্তাদের ওপর একধরনের চাপ তৈরি হয়, তাকে বেশি কর দিতে হবে; যা মানসিক চাপ ও অনিশ্চয়তা বাড়িয়ে দেয়।
৫. অর্থনীতির সামগ্রিক অগ্রগতি ব্যাহত হয়।