পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচারে ‘বাইকার গ্যাং’, গ্রেপ্তার ৬

· Prothom Alo

কক্সবাজার থেকে চট্টগ্রামে মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের ভাষ্য, পর্যটকের বেশে মোটরসাইকেলে ইয়াবা পাচার করছিল এই ‘বাইকার গ্যাং’।

Visit newsbetting.club for more information.

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ বশির, বেলাল উদ্দিন, নুরুল মুস্তাফা, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জব্দ করা মোটরসাইকেল

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে আজ সকালে পটিয়া সরকারি কলেজের সামনে মহাসড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় প্রথমে একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। তিনি সামনে কোনো তল্লাশিচৌকি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান আছে কি না, তা পেছনে থাকা দলের সদস্যদের জানাতেন বলে র‍্যাবের দাবি।

পরে আরও চারটি মোটরসাইকেলে আসা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলের আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের হিসাবে, এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

জব্দ করা ইয়াবা

র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৌশলে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। তাঁরা কক্সবাজারের রামু থেকে এসব ইয়াবা সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোজাফফর হোসাইন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ‘বাইকার গ্যাং’ পর্যটকের বেশে মোটরসাইকেলে ইয়াবা পাচারে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Read full story at source