মস্কোয় ক্যাফের কাছে বিস্ফোরণ, নিহত ৩
· Prothom Alo

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ক্যাফের কাছে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭টা ১০) স্কয়ারের বিল্ডিং–১–এর কাছে বিস্ফোরণটি ঘটে।
Visit freshyourfeel.org for more information.
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে মস্কো পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। ১৫ জন বিভিন্ন মাত্রায় আঘাত পেয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বিস্ফোরণটি মস্কোর বালজি রোসি নামের একটি ইতালীয় রেস্তোরাঁয় ঘটেছে। সে সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল এবং প্রায় ৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। তবে এ তথ্যের বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরটি আরও জানিয়েছে, টেলিগ্রাম চ্যানেল শট–এর তথ্য অনুযায়ী, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
ঘটনার পর পুলিশ, দমকল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর কুদ্রিনস্কায়া স্কয়ার–সংলগ্ন সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যারিকাদনায়া মেট্রোস্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছে।