সচিবালয়ের ক্যানটিনে আকস্মিক পরিদর্শন পর্যটনমন্ত্রীর
· Prothom Alo

বাংলাদেশ সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যানটিন আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বুধবার বেলা ২টা ৪০ মিনিটে তিনি ক্যানটিন পরিদর্শন করেন।
Visit sports24.club for more information.
পরিদর্শনকালে মন্ত্রী ক্যানটিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ ও সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) পরিচালিত এই ক্যানটিন পরিদর্শনের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনের সময় মন্ত্রী ক্যানটিনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। খাবারের মান, সেবার গুণগত মান, মূল্য ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি তাঁদের মতামত শোনেন। পরে ক্যানটিন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাঁদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করা জরুরি। সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। ক্যানটিনের অবকাঠামো পর্যবেক্ষণ করে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে ক্যানটিনের পরিসর আরও বড় করা প্রয়োজন। বর্তমান জায়গাটি তুলনামূলকভাবে সীমিত। এ লক্ষ্যে ক্যানটিনের স্থান সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। ক্যানটিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাটিনের খাবারের মান, পরিবেশ বা সেবা নিয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পরিদর্শন শেষে ক্যানটিনের সার্বিক ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।