কৃষকের বেশে এএসআই গিয়ে ধরলেন সাজাপ্রাপ্ত আসামি

· Prothom Alo

আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন আসামি সুশীল। প্রায় তিন মাস ধরে তিনি ছিলেন অধরা। শেষ পর্যন্ত তাঁকে ধরতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) বেছে নিলেন ভিন্ন কৌশল। পুলিশের পোশাকে নয়, লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের বেশে ফসলের মাঠে গিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সুশীল নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়ার বাসিন্দা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Visit saltysenoritaaz.org for more information.

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, প্রায় তিন মাস আগে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-(২) পলাতক আসামি সুশীলকে সাজা দেন। এর পর থেকেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

এ বিষয়ে এএসআই ফরহাদ হোসেন বলেন, এর আগে তিন দফা অভিযান চালিয়েও সুশীলকে ধরা যায়নি। এক সংবাদের ভিত্তিতে জানতে পারেন, তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর পুলিশ সদস্যদের নিয়ে পাশের একটি বাজারে অপেক্ষায় রাখেন। আর তিনি কৃষকের বেশ ধারণ করে মাঠের দিকে এগিয়ে যান। কাছে যেতেই আসামি সুশীল বিষয়টি বুঝতে পেরে দৌড় দেন। পরে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করেন।

Read full story at source