উইমেনস প্রাইজ জিতলেন ভার্জিনিয়া ইভানস ও লাইস ডুসেট
· Prothom Alo

ব্রিটেনের মর্যাদাপূর্ণ উইমেনস প্রাইজ-২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর কথাসাহিত্যে (ফিকশন) পুরস্কার জিতেছেন নবীন ঔপন্যাসিক ভার্জিনিয়া ইভানস। নন-ফিকশন বিভাগে বিজয়ী হয়েছেন বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লাইস ডুসেট। ১১ জুন লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী হিসেবে দুজনই পেয়েছেন ৩০ হাজার পাউন্ড করে।
Visit freshyourfeel.org for more information.
ভার্জিনিয়া ইভানসের প্রথম উপন্যাস দ্য করেসপনডেন্ট পাঠক ও বিচারকদের মন জয় করেছে। চিঠির মাধ্যমে এগিয়ে চলা এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ৭৩ বছর বয়সী সিবিল ভ্যান অ্যান্টওয়ার্প। বয়সের কারণে দৃষ্টিশক্তি হারাতে শুরু করলেও তিনি বন্ধু, পরিবার ও প্রিয় লেখকদের কাছে চিঠি লিখে জীবন, সম্পর্ক ও স্মৃতির মুখোমুখি হন।
অন্যদিকে লাইস ডুসেটের দ্য ফাইনেস্ট হোটেল ইন কাবুল বইটি আধুনিক আফগানিস্তানের ইতিহাসকে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলকে কেন্দ্র করে দেশটির কয়েক দশকের যুদ্ধ, রাজনৈতিক পরিবর্তন এবং মানুষের জীবনের গল্প নিয়ে এই বই। দীর্ঘদিন আফগানিস্তানে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা থেকে বইটি লিখেছেন ডুসেট।
ভার্জিনিয়া ইভানস ও লাইস ডুসেট২০২৩ সালে নারীদের নন-ফিকশন লেখালেখিকে আরও বেশি উৎসাহিত করতে উইমেনস প্রাইজে নন-ফিকশন বিভাগ চালু করা হয়। গবেষণায় দেখা গিয়েছিল, যুক্তরাজ্যের সাতটি বড় নন-ফিকশন পুরস্কারের গত এক দশকের বিজয়ীদের মধ্যে মাত্র ৩৫ দশমিক ৫ শতাংশ ছিলেন নারী।
এ বছরের কথাসাহিত্যের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিল সুসান চোইয়ের ফ্ল্যাশলাইট, অ্যাডি ই সিচেনসের ডমিনিয়ন, মার্সিয়া হাচিনসনের দ্য মার্সি স্টেপ, রোজি কেলির কিংফিশার এবং লিলি কিংয়ের হার্ট দ্য লাভার।
ডুসেটের বিজয়ী বইটির পাশাপাশি নন-ফিকশনের সংক্ষিপ্ত তালিকায় ছিল ডেইজি ফ্যানকোর্টের আর্ট কিউর, জুডিথ ম্যাকরেলের আর্টিস্টস, সিবলিংস, ভিশনারিজ, জেন রোগয়েস্কার হোটেল এক্সাইল, অরুন্ধতী রায়ের মাদার মেরি কামস টু মি এবং এসে তেমেলকুরানের নেশন অব স্ট্রেঞ্জারস।
সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল