‘দুঃখবিলাস’ কারিগর লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার
· Prothom Alo

কয়েক প্রজন্মের রক সংগীতপ্রেমীর কাছে আর্টসেল মানেই লিংকন। ‘দুঃখবিলাস’, ‘অনুভূতি’ কিংবা ‘অনিকেত প্রান্তর’-এর কণ্ঠ হয়ে গত ২৭ বছর ধরে ব্যান্ডটির মুখ ছিলেন তিনি। সেই লিংকনই এবার ব্যক্তিগত কারণে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন ব্যান্ডের নিয়মিত কার্যক্রম থেকে। তাঁর অনুপস্থিতিতে আর্টসেলের মঞ্চযাত্রা সচল রাখতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা।
সংগীতশিল্পী বখতিয়ার হোসাইনগতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্যান্ডের সদস্যরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। বর্তমানে কানাডায় অবস্থান করছেন লিংকন। দীর্ঘ ২৭ বছরের সংগীতজীবনে এই প্রথমবারের মতো তিনি আর্টসেলের নিয়মিত কার্যক্রম থেকে দূরে আছেন।
Visit bettingx.club for more information.
ভিডিও বার্তায় লিংকন বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এত দিন থাকা। গত ২৭ বছরে আমি কখনো আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।’
সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় এ ঘোষণা আসেলিংকন জানান, ব্যক্তিগত কারণেই তাঁকে আরও কিছুদিন দেশের বাইরে থাকতে হবে। তবে এটি বিদায় নয়, সাময়িক বিরতি। লিংকনের ভাষায়, ‘ছোট একটা ব্রেক নিচ্ছি। তবে আমি ফিরে আসব।’
ব্যান্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেই নিজের অনুপস্থিতিতে নতুন ট্যুরিং ভোকাল নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান তিনি। লিংকনের মতে, ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের অস্তিত্বই বড়। তাঁর অনুপস্থিতিতে যেন আর্টসেলের পথচলা থেমে না যায় এবং ভক্তরা যেন কনসার্ট থেকে বঞ্চিত না হন, সে কারণেই এই সিদ্ধান্ত।
লিংকনের অবর্তমানে মঞ্চে আর্টসেলের গান পরিবেশন করবেন বখতিয়ার হোসাইন। তাঁকে নিয়ে লিংকন বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসিটা বোঝে।’
‘ফিরিয়ে দাও’ থেকে ‘ধূসর সময়’: সিডনিতে একই মঞ্চে মাইলস ও আর্টসেলতবে ভক্তদের প্রতি একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন তিনি। বলেন, ‘কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন। আমি দূরে থাকলেও সব সময় আর্টসেলের সঙ্গেই আছি।’
আর্টসেলের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কখনোই লিংকনকে ছাড়া কিছু চিন্তা করিনি। গত ছয়-সাত মাস আমরা স্টেজ শো করছি না। কিন্তু ফ্যানদেরও তো আমাদের প্রয়োজন আছে। জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতে হয়।’
গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানান, লিংকন নিজেই চেয়েছিলেন, ব্যান্ড যেন তাঁর অনুপস্থিতিতে স্থবির হয়ে না পড়ে। জুয়েলের ভাষায়, ‘আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল, যে শুধু গান গাইবে না; আর্টসেলের ২৭ বছরের আবেগ ও দর্শনও ধারণ করতে পারবে। সেই কারণেই বখতিয়ারকে বেছে নেওয়া হয়েছে।’
নতুন দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত বখতিয়ার। তিনি বলেন, ‘আর্টসেল একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে আমার সংগীতজীবনে আর্টসেল সব সময়ই আবেগের একটি জায়গা ছিল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
উল্লেখ্য, বখতিয়ার হোসাইন একসময় ব্যান্ড বে অব বেঙ্গল-এর লিড ভোকালিস্ট, গিটারিস্ট ও গীতিকার ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ব্যান্ডটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা আর্টসেল বাংলাদেশের রক ও মেটাল সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যান্ড। ‘দুঃখবিলাস’, ‘অনুভূতি’, ‘পথচলা’, ‘অনিকেত প্রান্তর’সহ অসংখ্য জনপ্রিয় গান দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার কাছে বিশেষ জায়গা করে নিয়েছে ব্যান্ডটি। তাই লিংকনের সাময়িক বিরতির খবর ভক্তদের জন্য কিছুটা বিষণ্নতার হলেও বখতিয়ারকে নিয়ে নতুন অধ্যায়ের অপেক্ষায় আছেন অনেকেই।