হাতিরঝিলে দৌড়ের উৎসব, ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এ অংশ নিলেন ৩ হাজার রানার

· Prothom Alo

দৌড় এখন আর শুধু শরীরচর্চার একটি মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে সুস্থ জীবনধারা, আত্মবিশ্বাস এবং নিজের সীমাকে নতুন করে আবিষ্কারের এক অনন্য যাত্রা। সেই যাত্রারই এক বর্ণিল উদযাপন হয়ে গেল রাজধানীর হাতিরঝিলে। ভোরের আলো ফুটতেই হাজারো রানারের পদচারণায় মুখর হয়ে উঠল পুরো এলাকা।

‘রোড টু গ্লোরি’ স্লোগানকে সামনে রেখে ১৯ জুন, শুক্রবার অনুষ্ঠিত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রানিং ইভেন্ট ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর। স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর আয়োজনে এবং দেশের অ্যাক্টিভওয়্যার ব্র্যান্ড ‘তুরাগ অ্যাক্টিভ’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দেশ-বিদেশের প্রায় ৩ হাজার পেশাদার ও শৌখিন রানার।

Visit umafrika.club for more information.

ভোর ৪টায় হাতিরঝিলের নতুন স্টার্ট পয়েন্ট থেকে শুরু হয় ২৫ কিলোমিটারের মূল রেস। নতুন অ্যান্টি-ক্লকওয়াইজ ট্র্যাকে দৌড়াতে দেখা যায় রানারদের। আবহাওয়ায় কিছুটা গরম ও আর্দ্রতা থাকলেও রানারদের উৎসাহে ছিল না কোনো কমতি। বরং পুরো আয়োজনটি পরিণত হয় ঢাকার বুকে ফিটনেস ও সুস্থতার এক বড় উৎসবে।

দৌড়ের মঞ্চে আন্তর্জাতিক স্বীকৃতি

‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের রানিং কমিউনিটিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এবারের আয়োজনটি ছিল গ্লোবাল ম্যারাথন সংস্থা AIMS (Association of International Marathon and Distance Races)-এর স্বীকৃত সদস্য এবং পুরো রুট World Athletics কর্তৃক সার্টিফায়েড।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নতুন সংযোজন ‘৩ কিলোমিটার হুইলচেয়ার’ ক্যাটাগরি। খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দৌড়কে করেছে আরও অন্তর্ভুক্তিমূলক।

কে পেলেন সেরার মুকুট?

তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের সেরা প্রমাণ করেছেন রানাররা।

২৫কে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মামুন আহমেদ। তিনি রেস শেষ করেন ১ ঘণ্টা ৩২ মিনিট ২২ সেকেন্ডে। নারী বিভাগে সেরা হয়েছেন হামিদা আক্তার জেবা, যার রেস টাইম ছিল ২ ঘণ্টা ০০ মিনিট ১৮ সেকেন্ড।

১০.৩কে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পলাশ শেখ (৩৫ মিনিট ৩৫ সেকেন্ড) এবং নারী বিভাগে জয় পেয়েছেন পারুল দাস (৫৭ মিনিট ১০ সেকেন্ড)।
বয়সভিত্তিক ২৫কে ভ্যাটেরান ক্যাটাগরিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. খোরশেদ আলম এবং নারী বিভাগে নিপু রানী মিত্র।

শিশুদের জন্য আয়োজিত ৩কে কিডস ক্যাটাগরিতেও ছিল দারুণ উচ্ছ্বাস। বালক বিভাগে অভি ইসলাম এবং বালিকা বিভাগে সামিহা নেহা হয়েছেন চ্যাম্পিয়ন।

বিজয়ের আনন্দ, ফিনিশ লাইনে আবেগ

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ছিল মোট দুই লাখ টাকা প্রাইজমানি। চ্যাম্পিয়নরা পেয়েছেন নগদ অর্থ, বিশেষ ট্রফি, মেডেল এবং বিভিন্ন পৃষ্ঠপোষকের পক্ষ থেকে উপহার সামগ্রী।

তবে এই আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ফিনিশ লাইন। নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করা প্রতিটি রানারের গলায় তুলে দেওয়া হয় ফিনিশার মেডেল। নিজের লক্ষ্য পূরণের আনন্দ, একে অপরকে উৎসাহ দেওয়া এবং বিজয়ের মুহূর্ত ভাগ করে নেওয়ার দৃশ্য তৈরি করে এক অনন্য পরিবেশ।

রান বাংলাদেশ-এর সিইও ও রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ বলেন, গত দুই আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বড় পরিসরে ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হয়েছে। রানারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশে রানিং সংস্কৃতি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

হাতিরঝিলের পথে হাজারো পায়ের ছন্দ যেন একটি বার্তাই দিয়েছে— সুস্থ জীবন, ফিটনেস এবং আত্মবিশ্বাসের পথে দৌড় এখন বাংলাদেশের মানুষের নতুন অনুপ্রেরণা। ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’ সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

ছবি: রান বাংলাদেশ

Read full story at source