খুলনায় হাসপাতালে অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি
· Prothom Alo

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা। একই সঙ্গে খুলনা জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। রোববার বেলা ১১টায় খুলনা কালেক্টরেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি উত্থাপন করা হয়।
বক্তারা বলেন, গত ২০ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ হয়ে যায় এবং শতাধিক রোগীর অস্ত্রোপচার ব্যাহত হয়। অগ্নিকাণ্ডের সময় রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও তাঁরা দাবি করেন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সংক্ষিপ্ত প্রতিবেদন দিলেও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জনসমক্ষে প্রকাশ করেনি। এ ছাড়া ১১ জুন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার কারণও এখনো প্রকাশ করা হয়নি বলে তাঁরা অভিযোগ করেন।
Visit fishroad-app.com for more information.
মানববন্ধনে বক্তারা দাবি করেন, স্বাস্থ্যমন্ত্রী খুলনা জেনারেল হাসপাতালে রোগীদের খাবারের মান পর্যবেক্ষণ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক জরিপে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ব্যাংক খুলনা ভবনকে অগ্নিকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চের সভাপতি ও খুলনা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি খান মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য শেখ আবদুল হালিম, কাজী মোতাহার রহমান, সরদার আবু তাহের, শেখ আইনুল হক, জুবায়ের শেখ প্রমুখ। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।