ইন্টারনেটে যুক্ত না থাকলেও কাজ করে দেবে মাইক্রোসফটের এআই এজেন্ট
· Prothom Alo

কর্মক্ষেত্রের বিভিন্ন দাপ্তরিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম নতুন এআই এজেন্ট তৈরি করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, ‘মাইক্রোসফট স্কাউট’ নামের এআই এজেন্টটি ব্যবহারকারীরা অনলাইনে না থাকলেও তাঁদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ সময়মতো করে দিতে পারে।
Visit tr-sport.bond for more information.
মাইক্রোসফটের তথ্যমতে, এআই এজেন্টটি মূলত ‘অটোপাইলট’ ধরনের এআই সহকারী। ফলে প্রচলিত চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে এটি পটভূমিতে সক্রিয় থেকে চলমান কাজের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে। কাজের ধরন ও অগ্রাধিকার বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্ধারিত অনুমতির মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে পারে এআই এজেন্টটি।
মাইক্রোসফট জানিয়েছে, স্কাউট এআই এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে বৈঠকের সময়ও নির্ধারণ করতে পারে। এ ছাড়া গুরুত্বপূর্ণ বৈঠকের আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত, গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে আগাম সতর্কবার্তা এবং নির্ধারিত সময়সীমার আগে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার কর্মঘণ্টা নির্ধারণের সুবিধাও রয়েছে এআই এজেন্টটিতে।
এআই এজেন্টটি টিমস, আউটলুক, ওয়ানড্রাইভ ও শেয়ারপয়েন্টে থাকা ই–মেইল, বার্তা, ক্যালেন্ডার, যোগাযোগের তথ্য এবং বিভিন্ন নথি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের কাজের অগ্রগতি সম্পর্কে ধারণা নিতে পারে। এর ফলে কোনো কাজ বা সিদ্ধান্ত দীর্ঘ সময় ধরে আটকে থাকলে বা কোনো প্রকল্পের অগ্রগতি ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হলে সেটি শনাক্ত করতে পারে মাইক্রোসফট স্কাউট। শুধু তা–ই নয়, ‘ওয়ার্ক আইকিউ’ প্রযুক্তি থাকায় এআই এজেন্টটি ব্যবহারকারীদের নির্দেশনার জন্য অপেক্ষা না করে বিভিন্ন কাজ তা করতে পারে।
ইতিমধ্যে মাইক্রোসফটের কর্মীরা এআই এজেন্টির প্রাথমিক সংস্করণ ব্যবহার করে বিভিন্ন কাজ করার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি শনাক্ত এবং প্রশাসনিক কাজের চাপ কমানোর মতো কার্যক্রম পরিচালনা করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষামূলক ব্যবহারে কর্মীদের দৈনন্দিন কাজের চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রেখেছে এআই এজেনন্টটি। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু গ্রাহক এবং মাইক্রোসফটের ‘ফ্রন্টিয়ার’ কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এআই এজেন্টটির প্রিভিউ সংস্করণে উন্মুক্ত করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস