আইপিএল জিতলেন কোহলি, আনুশকার উড়ন্ত চুমু
· Prothom Alo

আহমেদাবাদে গতকাল স্বাগতিক গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ নিয়ে টানা দুই বছর আইপিএল শিরোপা জিতল বিরাট কোহলির দল। আর এই জয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল বিরাট কোহলি ও আনুশকা শর্মার ভালোবাসাভরা উদ্যাপন।
ফাইনালে বিরাট কোহলি খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। নিজের আইপিএল ক্যারিয়ারের আরেকটি অর্ধশতক তুলে নেওয়ার পর ম্যাচ শেষ করেন অপরাজিত ৭৫ রানে। শেষ পর্যন্ত লং অনের ওপর দিয়ে হাঁকানো এক ছক্কাতেই নিশ্চিত হয় আরসিবির জয় এবং শিরোপা ধরে রাখার কীর্তি।
Visit xsportfeed.life for more information.
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিরাটের স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা। পুরো ম্যাচজুড়ে স্বামী ও তাঁর দলের জন্য গ্যালারি থেকে উৎসাহ দিয়েছেন তিনি।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আনুশকার বিভিন্ন প্রতিক্রিয়ার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কোথাও তাঁকে উদ্বিগ্ন, কোথাও আবেগাপ্লুত, আবার কোথাও উচ্ছ্বসিতভাবে হাততালি দিতে দেখা গেছে।
আরসিবির জয়ের পর গ্যালারিতে দাঁড়িয়ে হাসিমুখে করতালি দেন আনুশকা। ঠিক তখনই মাঠ থেকে তাঁর দিকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন কোহলি। আনুশকাও একই ভঙ্গিতে ভালোবাসার জবাব দেন। মুহূর্তটি মুহূর্তেই ভক্তদের হৃদয় জয় করে নেয়।
শুধু গ্যালারিতেই নয়, শিরোপা জয়ের পর আনুশকাকে মাঠেও দেখা যায়। ট্রফি উঁচিয়ে ধরার সময় বিরাট ও তাঁর সতীর্থদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দম্পতির আনন্দ ও আবেগ স্পষ্টভাবে ধরা পড়ে।
বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ম্যাচে আনুশকার উপস্থিতি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল—স্বামীর খেলা দেখতে প্রায়ই মাঠে দেখা যায় তাঁকে। এ কারণে কখনো প্রশংসা, কখনো অযাচিত সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে পথ চলেছেন বিরাট ও আনুশকা।
এর আগেও আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার-১-এ গুজরাট টাইটানসকে ৯২ রানে হারানোর পর মাঠে দুজনের আবেগঘন আলিঙ্গনের ছবি ব্যাপক আলোচনায় এসেছিল।
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছিল তাঁর সর্বশেষ প্রধান চরিত্রের সিনেমা।
তবে আপাতত মাতৃত্বকালীন বিরতিতে আছেন অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে