ঈদের ছুটিতে ঢাকায় ৩ দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনের
· Prothom Alo

পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ভাটারার নর্দ্দায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বাড্ডা ও ডেমরা এলাকার সড়কে একজন করে নিহত হয়েছেন।
এসব সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন লাইজু বেগম (৩৮), তাঁর স্বামী কবির জমাদ্দার (৪৭), ফুফাতো বোন খুশি বেগম (৩৫), রবিউল ইসলাম (২২), ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোখলেছুর রহমান (৩৫) ও দরজি রাজিবুল ইসলাম (২৮)।
Visit extonnews.click for more information.
এক দুর্ঘটনায় চারজন নিহত
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ছয়টার দিকে নগরীর ভাটারা থানার নর্দ্দা নতুনবাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে ফেলে। এ সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি উল্টো লেন ধরে আসা আরেকটি বাসে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চারজন আরোহী নিহত হন। দুটি বাসের আরও অন্তত ১০ জন আহত হন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেসার উদ্দিন বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস এবং রাজধানীর উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।
নেসার উদ্দিন আরও বলেন, ঘটনাস্থলে একজন নারী মারা যান। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে মারা যান। চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, লাইজু বেগম, তাঁর স্বামী কবির জমাদ্দার ও লাইজুর ফুফাতো বোন খুশি বেগম গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁরা গাজীপুরেই থাকতেন। গ্রামের বাড়িতে ঈদ করতে গাজীপুর থেকে বাসে উঠে রাজধানীর সায়েদাবাদে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে তাঁদের বাগেরহাটে যাওয়ার কথা ছিল। নিহত বাসযাত্রী রবিউল ইসলামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। কারোরই আর ঈদ করতে গ্রামে যাওয়া হয়নি।
বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় গত বুধবার সকালে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোখলেছুর রহমান (৩৫) নামের একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বাড্ডা থানার এসআই আশরাফুল ইসলাম জানান, বুধবার সকালে উত্তর বাড্ডায় এমজেডএম নামের বেসরকারি হাসপাতালের সামনে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে মোখলেছুর রহমানের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আশরাফুল ইসলাম বলেন, রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং বাসচালক ফয়সালকে আটক করা হয়েছে।
মোখলেছুর রহমান পরিবার নিয়ে ভাটারা নতুনবাজার কোকা-কোলা গলিতে ভাড়া থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পুকুরিয়ায়। তাঁর বাবার নাম আকবর আলী।
বেড়াতে গিয়ে নিহত রাজিবুল
ঈদের দিন; অর্থাৎ গত বৃহস্পতিবার রাতের বেলা নগরীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার কাছে প্রাইভেট কারের চাপায় রাজিবুল ইসলাম (২৮) নামের একজন নিহত হন। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। রাজিবুল পেশায় দরজি।
ডেমরা থানার এসআই শায়ক খসরু বলেন, রাজিবুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে ছিলেন তাঁর বন্ধু ইমন। তিনি সামান্য আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় রাজিবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজিবুল পরিবার নিয়ে রাজধানীর মুগদা এলাকায় থাকতেন। তাঁর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বোবাংবাইল গ্রামে।