শুধু প্রতিবাদ নয়, কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে

· Prothom Alo

শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে ২২ মে বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে কক্সবাজার বন্ধুসভা। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং সচেতন নাগরিকেরা অংশ নেন।

Visit newssport.cv for more information.

মানববন্ধনে অংশগ্রহণকারীদের ‘ধর্ষকের বিচার চাই’, ‘নারী ও শিশু নির্যাতন বন্ধ করো’, ‘নিরাপদ বাংলাদেশ চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় বক্তারা দেশে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

কক্সবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা বলেন, ‘আজকে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। আমরা এসেছি আমাদের মা-বোন ও শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে, সর্বোপরি আমাদের নারী বন্ধুদের পক্ষে কথা বলতে। প্রতিটি ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে; যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’

অধ্যয়ন কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন বলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে বাচ্চা শিশুকে ধর্ষণ–পরবর্তী দ্বিখণ্ডিত লাশ হিসেবে জাতিকে উপহার দিতে পারে না। সমাজে বিচারহীনতার সংস্কৃতি, অনিয়ন্ত্রিত মাদক চক্র ও  মাদকসেবন এবং আইনের ধীরগতির কারণে অপরাধীরা বারবার অপরাধ করার সাহস পাচ্ছে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ, প্রশাসন ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।’

ইয়ুথ অ্যাকশন ফর রাইটস অ্যান্ড জাস্টিসের প্রতিষ্ঠাতা আয়েশা সিদ্দিকা বলেন, ‘একটি সভ্য রাষ্ট্রে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু প্রতিনিয়ত যেভাবে নির্যাতনের ঘটনা ঘটছে, তা আমাদের সবাইকে আতঙ্কিত করছে। শুধু প্রতিবাদ নয়, প্রতিটি ছোট্ট ঘটনারও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

কক্সবাজার বন্ধুসভার সহসভাপতি নুরুল আবচার বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি সামাজিক সংকট। শিশু ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে আইনের সঠিক প্রয়োগ, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি।’

শিশু ও নারীর প্রতি নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সমাপনী বক্তব্যে কক্সবাজার বন্ধুসভার সভাপতি আবদুল নবী বলেন, ‘সামাজিক অবক্ষয়, মাদক এবং অনলাইনে নেতিবাচক কনটেন্ট তরুণদের বিপথে নিচ্ছে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় না দেখে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশ শেষে অংশগ্রহণকারী ব্যক্তিরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক উগ্য মারমা, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক মুজিবুল হাসান, সদস্য সাউদা ফাইজিয়া, মোহাম্মদ রাকিব, মিনহাজুল রহমান, রেশমি আক্তার, সানজিদা মুসতারিন, ফাতেমা পুষ্পা, জান্নাতুল ত্বোহা, কাশফিয়া ইসলাম, এম আর সিফাত, মোহাম্মদ উল্লাহ, ইবনে সাঈদ, আয়েশা সাইমা, কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সভাপতি মোহাম্মদ সোবহান, সাধারণ সম্পাদক সজীব সুশীল, রাজেস সুশীল, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার বইমেলা সম্পাদক সাবিনা ইয়াসমিন, সামাজিক সংগঠক রায়হান উদ্দিন প্রমুখ।

Read full story at source