কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ

· Prothom Alo

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি প্যাকেজিং কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শনিবার সকালে উপজেলার ভান্নারা পোড়াচালা এলাকার সানস প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড কারখানার সামনে শ্রমিকেরা ওই বিক্ষোভ করেন।

কয়েকজন শ্রমিক বলেন, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার তাঁদের ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। সেদিন পরিশোধ না করে শনিবার দেওয়ার কথা জানানো হয়। কিন্তু পূর্বনির্ধারিত সময়ে বোনাস না দিয়ে শনিবার সকালে কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা অবিলম্বে বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Visit biznow.biz for more information.

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরেই তাঁরা নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। তাঁদের এপ্রিল ও মে মাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগে তাঁরা বেতন ও বোনাস পাওয়ার আশায় ছিলেন। কিন্তু হঠাৎ কারখানা বন্ধের ঘোষণা এবং বেতন–বোনাস না পাওয়ায় তাঁরা চরম বিপাকে পড়েছেন। ঈদের সময় পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, সন্তানদের খরচ ও গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে না পেরে তাঁরা এখন অসহায়।

কারখানার শ্রমিক আসাদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে কীভাবে ঈদ করব বুঝতে পারছি না। আমাদের কষ্টের টাকা দ্রুত পরিশোধ করতে হবে।’

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

Read full story at source