চকবাজারে প্লাস্টিক কারখানায় শ্রমিকের মরদেহ, পুলিশের ধারণা খুন
· Prothom Alo

পুরান ঢাকার চকবাজারের কামালবাগে একটি প্লাস্টিক বর্জ্যের কারখানার গুদাম থেকে ইউনুস মিয়া (৪০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Visit mchezo.life for more information.
আজ শুক্রবার বেলা দুইটার দিকে কারখানাটির দ্বিতীয় তলার গুদামঘর থেকে ইউনুসের নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি বরিশালের কোতোয়ালি থানার কাশিপুর এলাকার বাসিন্দা।
চকবাজার থানার পুলিশ জানায়, ইউনুস মিয়াসহ কয়েকজন শ্রমিক ওই কারখানার দ্বিতীয় তলার একটি গুদামঘরে থাকতেন। আজ দুপুরের দিকে স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুদামঘরটির দরজা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে ইউনুসের মরদেহ পড়ে ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘ইউনুস মিয়ার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’
ওসি আরও জানান, গুদামঘরটিতে অন্য শ্রমিকেরা থাকলেও মরদেহ উদ্ধারের সময় কাউকে সেখানে পাওয়া যায়নি। কারখানার কোনো শ্রমিকের সঙ্গে দ্বন্দের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।