এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞানে ৩টি অংশে কীভাবে ভালো নম্বর পাবে
· Prothom Alo

জীববিজ্ঞান: পরামর্শ
Visit rouesnews.click for more information.
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। জীববিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের মধ্যে বহুনির্বাচনি অংশে ২৫, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ১০, সৃজনশীল অংশে ৪০ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে।
∎ বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে সাধারণত কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে। তবে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসিত সিলেবাসের আলোকে জীববিজ্ঞান বিষয়ে সাতটি অধ্যায় (এর মধ্যে একটি অধ্যায় আংশিক) থাকবে। ফলে বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে তিনটি করে প্রশ্ন থাকবে। সুতরাং বহুনির্বাচনি অংশে ভালো নম্বরের জন্য সংশ্লিষ্ট অধ্যায়ের বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্রের বিভিন্ন অংশ আন্ডারলাইন করে রেখেছ, তা মনোযোগসহকারে রিভিশন দেবে।
# বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থেকে ২৫টি প্রশ্নেরই উত্তর করতে হয়।
# এ ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ২৫ মিনিট।
∎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর করতে হবে। এ ক্ষেত্রে সময় রাখবে ২৫ মিনিট। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে ২×৫=১০ নম্বর থাকবে। জীববিজ্ঞান বিষয়ে উত্তর প্রদানের সময় চিত্র দেওয়ার প্রয়োজন হয়। প্রশ্নে কী চেয়েছে, আগে তা বুঝে উত্তর লিখবে।
∎ সৃজনশীল অংশ
সৃজনশীল অংশে সাতটি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে। এ ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ১০ মিনিট। সৃজনশীল অংশে প্রতিটি প্রশ্নের জন্য ১০ নম্বর করে ১০×৪=৪০ নম্বর থাকবে। সৃজনশীল অংশে ভালো নম্বরের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে নির্ধারিত সাতটি অধ্যায় সুচারুরূপে অনুশীলন করতে হবে। অর্থাৎ জীবনপাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনীশক্তি, জীবের প্রজনন (আংশিক), জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এবং জীবের পরিবেশ—এই সাতটি অধ্যায় যত্নসহকারে পড়তে হবে। জীববিজ্ঞান বিষয়ে উত্তর প্রদানের সময় চিত্র দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই চিত্র ছাড়াই না বুঝে মুখস্থ করার চেষ্টা করে। চিত্রের সঙ্গে মিলিয়ে পুরো বিষয়টি বুঝে পড়লে তা সহজেই হৃদয়ঙ্গম হয়। কাজেই তোমাদের এ বিষয়টি লক্ষ রাখতে হবে।
∎ সৃজনশীল অংশ
# সৃজনশীল অংশে ‘ক’ নম্বর প্রশ্নটি জ্ঞানমূলক। এখানে পাঠ্যপুস্তকে উল্লিখিত কোনো সংজ্ঞা জানতে চাওয়া হয়। উদাহরণ হিসেবে প্রশ্ন করা হলো, ইন্টারফেজ কাকে বলে?
সংজ্ঞাটি সঠিকভাবে লিখতে পারলে শিক্ষার্থী বরাদ্দ করা পূর্ণ ১ নম্বর পাবে।
# ‘খ’ নম্বর প্রশ্নটি অনুধাবনমূলক। এখানে পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে হয়।
প্রশ্ন করা হলো, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? ব্যাখ্যা করো। উত্তর প্রদানের ক্ষেত্রে, মাইটোসিসের সংশ্লিষ্ট সঠিক ধাপটি লিখে ব্যাখ্যা করতে পারলেই বরাদ্দ করা পূর্ণ ২ নম্বর পাবে।
# ‘গ’ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। উদাহরণ হিসেবে ধরা যাক, উদ্দীপকের তিনটি চিত্রের মধ্যে প্রোফেজ ধাপকে P দ্বারা চিহ্নিত করা হলো।
প্রশ্ন করা হলো, P ধাপটি চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর প্রদানের ক্ষেত্রে, P ধাপটি চিনতে পারলে ১ নম্বর পাবে। চিহ্নিত চিত্র অঙ্কন করলে ২ নম্বর ও ধাপটি ব্যাখ্যা করতে পারলে বরাদ্দ করা পূর্ণ ৩ নম্বর পাবে।
# ‘ঘ’ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। উদ্দীপকের তিনটি চিত্রের মধ্যে প্রো-মেটাফেজ ও টেলোফেজ ধাপ দুটিকে যথাক্রমে Q ও R দ্বারা চিহ্নিত করা হলো। প্রশ্ন করা হলো, Q ও R–এর একটি ধাপে স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটলেও অপর ধাপে স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে ক্যারিওকাইনেসিস ঘটায়—বিশ্লেষণ করো। উত্তর প্রদানের ক্ষেত্রে, ধাপ চিনতে পারলে ১ নম্বর পাবে। স্পিন্ডল তন্তু আবির্ভাব হওয়ার ধাপটি ব্যাখ্যা করলে ২ নম্বর পাবে। স্পিন্ডল তন্তু বিলুপ্ত হওয়ার ধাপটি ব্যাখ্যা করতে পারলে ৩ নম্বর পাবে। স্পিন্ডল তন্তু বিলুপ্ত হওয়ার ধাপটি ব্যাখ্যা করে—এই ধাপটির মাধ্যমেই যে ক্যারিওকাইনেসিস ঘটায়, সে সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করতে পারলেই পূর্ণ ৪ নম্বর পাবে।
∎ রিভিশন দেবে
প্রশ্নের উত্তর যেন নির্ধারিত সময়েই শেষ করতে পারো, সে জন্য সময়কে ভাগ করে নেবে। প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে। খাতায় লেখা শেষে উত্তরপত্র অবশ্যই রিভিশন দেবে।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা