রাজধানীতে ৩ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টি, তাপমাত্রা কমল
· Prothom Alo
রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে আজ সোমবার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমেছে। এর মধ্যে রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃষ্টি খানিকটা কমে যেতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে, অন্তত তিন বিভাগে। এর প্রভাবে ঢাকা বা এর আশপাশের এলাকায়ও বৃষ্টি হতে পারে।
Visit sportbet.rodeo for more information.
মৌসুমি বায়ু আসার আগের সময়টাই এমন। প্রচণ্ড গরম, আবার হঠাৎ করেই আশপাশ অন্ধকার করে আসা মেঘ। এতে প্রবল বৃষ্টিতে পরিবেশ শীতল হয় কিছু সময়ের জন্য। আজও তেমনটাই হয়েছে রাজধানীতে। সকাল থেকেই তীব্র গরম ছিল। আগের দিনের সন্ধ্যার বৃষ্টি তাপ তেমন কমাতে পারেনি। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ মেঘে ঢেকে যায়। দুপুরে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ছিল মেঘের গর্জন।
আবহাওয়া অফিস সূত্র বলছে, দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় নোয়াখালীর মাইজদীতে, ৩৫ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল মঙ্গলবার বৃষ্টি একটু কমে আসতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে।
বুধবার থেকে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বাড়তে পারে বলে জানান তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, এর প্রভাব ঢাকা বা এর আশপাশে এলাকায়ও পড়তে পারে।
এদিকে আজ বৃষ্টির কারণে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।