শুরু হচ্ছে মেট গালা ২০২৬, কোথায় লাইভ দেখবেন ফ্যাশনের সবচেয়ে বড় এই উৎসব

· Prothom Alo

ফ্যাশনের সবচেয়ে বড় এই উৎসব সম্পর্কে জানার জন্য যা যা দরকার—সবকিছুই এখানে আছে। থিম থেকে শুরু করে লাইভস্ট্রিমের তথ্য জেনে নিন একনজরে।

মেট গালা ২০২৬-এর কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আপনি যদি ফ্যাশনপ্রেমী হন আর গ্লোবাল ট্রেন্ডের সঙ্গে থাকতে চান,  তবে এই অনুষ্ঠানটি দেখার পরিকল্পনা অবশ্যই করেছেন। ফ্যাশনের সবচেয়ে বড় এই উৎসব সম্পর্কে জানার জন্য যা যা দরকার—সবকিছুই এখানে আছে। থিম থেকে শুরু করে লাইভস্ট্রিমের তথ্য জেনে নিন একনজরে। প্রতি বছরের মতো এবারও এই বার্ষিক আয়োজন বিশ্বব্যাপী হইচই আর তুমুল আলোচনা তৈরি করবে, বলাই বাহুল্য।

Visit extonnews.click for more information.

কখন অনুষ্ঠিত হবে?

মেট গালা অনুষ্ঠিত হবে ৪ মে, ২০২৬। প্রথা অনুযায়ী তা মে মাসের প্রথম সোমবার। বাংলাদেশের দর্শকদের জন্য শিডিউল অনুযায়ী ৫ মে ভোরে পর্দা উঠবে মেট গালার। রেড কার্পেট শুরু হবে প্রায় ভোর চারটায়।

কোথায় লাইভ দেখা যাবে?

আনুষ্ঠানিক লাইভস্ট্রিমটি আয়োজন করবে ভোগ (Vogue), যা তাদের ইউটিউব, টিকটক ও ওয়েবসাইটসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে। এছাড়াও ই!,পিকক ও হুলু প্লাস লাইভ টিভিতে রেড কার্পেটের বিস্তারিত কভারেজ থাকবে। বাংলাদেশের দর্শকরা ইউটিউবেই এটি দেখতে পারবেন।

এ বছরের থিম: ফ্যাশন ও শিল্পের মেলবন্ধন

২০২৬ সালের থিম কস্টিউম আর্ট, যেখানে ফ্যাশন ও শরীরি অবয়বের সম্পর্ককে শিল্পের এক ধরনের প্রকাশ হিসেবে তুলে ধরা হবে। ড্রেস কোড থাকছে ফ্যাশন ইজ আর্ট—যেখানে অতিথিদের পোশাককে পরিধানযোগ্য শিল্পকর্ম হিসেবে ভাবতে উৎসাহ দেওয়া হয়েছে। এতে বিমূর্ত শিল্প, সাররিয়ালিজম, ধ্রুপদি শিল্পসহ নানা ধারার অনুপ্রেরণা দেখা যাবে বলে ধারনা করা হচ্ছে।

আয়োজক, কো-চেয়ার ও সম্ভাব্য অতিথিরা
অ্যানা উইন্টর মেট গালার প্রধান আয়োজক ও কনভেনার  হিসেবে দায়িত্ব পালন করেন—এটি তার দীর্ঘদিনের ভূমিকা। তিনি ভোগ-এর বহুদিনের এডিটর-ইন-চিফ ও মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইন্সটিটিউটের ট্রাস্টি হিসেবে পুরো ইভেন্টের পরিকল্পনা, থিম নির্বাচন, অতিথি তালিকা নির্ধারণসহ সার্বিক তদারকি করে থাকেন। ২০২৬ সালেও তিনি একই ভূমিকায় থাকছেন।

এ বছর সহ-আয়োজক বা কো হোস্ট হিসেবে থাকছেন বিয়ন্সে, নিকোল কিডম্যান ও ভেনেসা উইলিয়ামস। অতিথি তালিকায় সংগীত, চলচ্চিত্র, ফ্যাশন ও ক্রীড়াজগতের তারকারা থাকছেন—যাদের মধ্যে রিয়ানা, এসাপ রকি, সাবরিনা কারপেন্টার, ব্যাড বানি, দোজা ক্যাট, লিউইস হ্যামিলটন ও জো ক্রাভিটজের উপস্থিতির কথা শোনা যাচ্ছে।

বলিউডের উপস্থিতি

চূড়ান্ত অতিথি তালিকা এখনও গোপন রাখা হলেও, প্রতিবেদনে বলা হচ্ছে যে এ বছর বেশ কয়েকজন বলিউড তারকা অংশ নিতে পারেন, যা বেশ আগ্রহ তৈরি করেছে সবার মাঝে। নিশ্চিতভাবে জানা গেছে, পরিচালক করণ জোহর এ বছর প্রথমবারের মতো মেট গালায় অংশ নেবেন। এছাড়া দীপিকা পাড়ূকোন, রণভীর সিং, নাতাশা পূণাওয়ালা ও অনন্যা বিড়লার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে প্রিয়াঙ্কা চোপড়া এ বছর অংশ নাও নিতে পারেন। এদিকে জানা যাচ্ছে , তারা সুতারিয়া যেতে পারেন এই মহা ইভেন্টে।

প্রিয়াঙ্কা চোপড়া এ বছর অংশ নাও নিতে পারেন

মেট গালা এত গুরুত্বপূর্ণ কেন?

ফ্যাশনের সবচেয়ে বর্ণাঢ্য রজনী নামে পরিচিত মেট গালা শুধু একটি রেড কার্পেট ইভেন্ট নয়; এটি নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইন্সটিটিউটে জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান। বছরের পর বছর ধরে এটি এমন এক বৈশ্বিক ফ্যাশন সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়েছে, যেখানে ফ্যাশন, চলচ্চিত্র, সংগীত ও তারকাদের সমন্বয়ে বছরের সবচেয়ে আলোচিত লুকগুলো দেখা যায়। তাই সব মিলিয়ে এটি অত্যন্ত আগ্রহ জাগায় প্রতি বছরই সবার মাঝে।

সূত্র: ভোগ, ফার্স্ট পোস্ট

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source