কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথে আটক
· Prothom Alo
কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা বড়ি নিয়ে ঢাকায় যাওয়ার পথে এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
Visit sportbet.reviews for more information.
আটক পুলিশ সদস্যের নাম মো. সজিব বেপারী (২৩)। তাঁর বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্না এলাকায়। তিনি ২০২৩ সালের নভেম্বর থেকে কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। গতকাল ছুটির দিনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে বের হন তিনি।
বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে উখিয়া থেকে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন সজিব বেপারী। সন্ধ্যা সাতটার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে গাড়িটি পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এর একপর্যায়ে সজিবের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব জানিয়েছেন, তিনি এসব ইয়াবা বড়ি উখিয়ার বালুখালী আশ্রয়শিবির এলাকা থেকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া ইয়াবা বড়িসহ সজিব বেপারীকে রাতেই রামু থানায় হস্তান্তর করে বিজিবি।
রামু-৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিলে সজিব বেপারীকে দুই লাখ টাকা দেওয়ার চুক্তি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অর্থের লোভে মাদক পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ইয়াবার প্রকৃত মালিকদের শনাক্তে কাজ চলছে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সজিব বেপারীকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
উখিয়া-৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সজিব বেপারী ছুটিতে ছিলেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।’