ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২৬ শিশু ভর্তি
· Prothom Alo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের লক্ষণ নিয়ে আরও ২৬টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে এখানে ৭৯টি শিশু চিকিৎসাধীন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৬টি শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১৭২টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪ শিশু। মৃত্যু হয়েছে ৫ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ১০টি শিশু।
Visit bettingx.club for more information.
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি ১২৯টি শিশুর নমুনা সংগ্রহ করে বাংলাদেশের ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৭টি পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে, যেখানে হাম শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা ৪৯।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশু রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। ৬৪ শয্যার বিপরীতে আজ ৭৯টি শিশু ভর্তি রয়েছে।