পুকুরে গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
· Prothom Alo

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চর কৈলাস গ্রামের তাহের মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জিহাদ একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তাহের মিস্ত্রি বাড়ির মো. বেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিল।
Visit freshyourfeel.org for more information.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় আকাশ কিছুটা মেঘলা ছিল। বেলা দেড়টার দিকে জিহাদ পুকুরে গোসল করার জন্য বসতঘর থেকে বের হয়। ওই সময় বসতঘরের পাশেরই একটি কড়ইগাছের নিচে দাঁড়ানো ছিল সে। তখন আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জিহাদ অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের লোকজনের ভাষ্য অনুযায়ী, গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।